লক্ষ্মীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৪৬
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বাসাবাড়ি এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সদর হাসপাতালের প্রধান সহকারী ও স্টোরকিপার মো. মহিউদ্দিন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন এক্স-রে টেকনিশিয়ান শেফায়াত হোসেন। বুধবার দিবাগত রাতে লক্ষ্মীপুর-রায়পুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত মহিউদ্দিন ও আহত শেফায়াত হোসেনের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায়।
 
লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. বাছেত মাহমুদ জানান, সন্ধ্যায় সদর হাসপাতালের প্রধান সহকারী ও স্টোরকিপার মহিউদ্দিন এবং এক্স-রে টেকনিশিয়ান শেফায়াত হোসেন মোটরসাইকেল যোগে ফরিদগঞ্জ নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে রায়পুরের বাসাবাড়ি এলাকায় পৌঁছলে মোটরসাইকেলটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এতে গুরুতর আহত হন তারা। আহত অবস্থায় তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়ার পথে মহিউদ্দিনের মৃত্যু হয়। মৃত মহিউদ্দিন স্ত্রী, ২ ছেলে, এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে যান। তার লাশ সদর হাসপাতাল প্রাঙ্গণে নিয়ে আসলে তার সহকর্মীরা কান্নায় ভেঙ্গে পড়েন। 
 
লক্ষ্মীপুর সদর হাসপাতাল প্রাঙ্গণে রাত ১০টায় জানাজা শেষে তার নিজ বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।