রাজশাহীতে ৪০ লাখ টাকার হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:০০
রাজশাহীতে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ৮৫০ গ্রাম হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মহানগরীর বোয়ালিয়া থানার শালবাগান এলাকায় অভিযান চালিয়ে হোরোইনসহ তাদের আটক করা হয়।
 
এরা হলেন- রাজশাহীর বাঘা উপজেলার দিঘা (বাউসা) গ্রামের মৃত হোসেন আলীর ছেলে এসএম শাহরিয়ার হোসেন শাহিন (৩৩), গোদাগাড়ীর আচুয়া গ্রামের আসাদ আলীর ছেলে রবিউল ইসলাম (২৮) এবং মহানগরীর তালাইমারির মৃত আশরাফুল ইসলামের ছেলে আশিকুর রহমান (৩৬)। তাদের কাছ থেকে ১ টি মোটরসাইকেল,  ৩টি মোবাইল সেট,  ১ হাজার ৫০০ উদ্ধার করা হয়।
 
র‌্যাব জানায়, কয়েকজন মাদক ব্যবসায়ী হেরোইন ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মহানগরীর শালবাগানস্থ সিটি কর্পোরেশন পরিবহন শাখা সংলগ্ন এলাকায় অবস্থান করছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর বাগমারা ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় তাদের হেরোইনসহ হাতে-নাতে আটক করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা দীর্ঘদিন যাবৎ হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছে।