বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেছেন, আরসিবিসির বিরুদ্ধে নিউইয়র্কে বাংলাদেশ ব্যাংক যে মামলা করেছে এতে তারা বেকায়দায় আছে। এজন্যই আরসিবিসি আমাদের বিরুদ্ধে মানহানির মামলা করেছে। রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) মানহানির মামলা বিষয়ে জানতে চাইলে একথা বলেন গভর্নর। গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলন-২০১৯ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গভর্নর ফজলে কবির এসব কথা বলেন।
আরসিবিসির সঙ্গে সমঝোতার প্রসঙ্গে গভর্নর বলেন, নিউইয়র্কের আদালতের মামলার নিয়ম অনুযায়ী আমরা তাদের সঙ্গে আলোচনা করেছি এটি অন্যকিছু নয়। আজ (১৩ মার্চ) রাতে আমাদের প্রতিনিধি দল দেশে আসবে তারা সবকিছু বলতে পারবে।
তিন বছর আগে হ্যাকিংয়ের মাধ্যমে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশের রিজার্ভের চুরি যাওয়া অর্থ উদ্ধারের আশায় গত ২ জানুয়ারি যুক্তরাষ্ট্রের আদালতে আরসিবিসির বিরুদ্ধে মামলা করে বাংলাদেশ ব্যাংক। তার জবাবে আরসিবিসি মানহানির অভিযোগ এনে গত ৬ মার্চ ফিলিপাইনের সিভিল কোর্টে বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে পাল্টা একটি মামলা করে বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
ফিলিপাইনের ব্যাংকটি বলছে, তাদের কোম্পানির সুনাম ও ভাবমর্যাদার ওপর বারবার ‘অশুভ আক্রমণ’ চালিয়ে যাচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। এর ক্ষতিপূরণ হিসেবে ১০ কোটি পেসো (১৯ লাখ ডলার) দাবি করা হয়েছে মামলায়।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি হ্যাকিংয়ের মাধ্যমে সুইফট সিস্টেমে ৭০টি ভুয়া পরিশোধ অর্ডার পাঠিয়ে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১৯২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার অবৈধভাবে নেওয়ার চেষ্টা করা হয়। এর মধ্যে একটি পরিশোধ অর্ডারে শ্রীলঙ্কায় দুই কোটি ডলার ও চারটি অর্ডারে আট কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনের রিজাল ব্যাংকের একটি শাখার ভুয়া গ্রাহকের অ্যাকাউন্ট হয়ে জুয়ার বাজারে চলে যায়।
