সরাসরি ক্রয় পদ্ধতিতে ভূমি মন্ত্রণালয়ের সহকারী কমিশনারদের (ভূমি) জন্য ২০৬টি ডাবল কেবিন পিকআপ ক্রয় করা হবে। ১০৩ কোটি টাকা ব্যয়ে এ সব গাড়ি সরবরাহ করবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গতকাল বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাবের অনুমোদেন দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভায় সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে সাংবাদিকদের অর্থমন্ত্রী বলেন, সরকারি নিয়ম অনুযায়ী দেশে সরকারি কোনো প্রতিষ্ঠান থাকলে তার মাধ্যমেই সংশ্লিষ্ট জিনিস কিনবে সরকার। দেশীয় প্রতিষ্ঠান না থাকলে তখন আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে পণ্য কেনা হয়। সে অনুযায়ী প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে এ সব গাড়ি সরবরাহের কাজ দেওয়া হয়েছে। সভায় মোট ১০ প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
মন্ত্রী জানান, পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনাল এবং আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ শীর্ষক প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। তিনি বলেন, পায়রা সমুদ্র বন্দর বাস্তবায়িত হলে ওই অঞ্চল বাণিজ্যিক হাবে পরিণত হবে। এর ফলে ভারত, ভুটান, নেপাল ও চীনের সঙ্গে বাণিজ্য বাড়বে। একই সঙ্গে পদ্মা সেতু অর্থবহ হয়ে উঠবে। সভায় খুলনা শহরে অ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টার নির্মাণ প্রকল্প, আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে ৫০ হাজার মেট্রিকটন গম ক্রয়ের প্রস্তাব, পরিবার পরিকল্পনা কর্মসূচির জন্য ১০০ মিলিয়ন চক্র স্বল্পমাত্রার জন্মনিয়ন্ত্রণ খাবার বড়ি ক্রয় প্রস্তাব, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীনে সুপার স্পেশালাইজড হাসপাতাল স্থাপন শীর্ষক প্রকল্পের পণ্য ক্রয়ের জন্য প্রতিষ্ঠান নিয়োগের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের চারটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
এর আগে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সৌদি আরব হতে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে ৪ লাখ ৫ হাজার মেট্রিকটন ইউরিয়া সার আমদানির প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
