ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত ভিপি নুরুল হক নুরুর দায়িত্ব গ্রহণ নিয়ে ধোয়াশার সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার দিনভর নাটকীয়তার পর নবনির্বাচিত ভিপি ও ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের কোলাকুলিতে শান্ত হয় ক্যাস্পাস। কিন্তু গতকাল বুধবার নবনির্বাচিত ভিপি জানিয়েছেন, শিক্ষার্থীরা চাইলে শপথ নেব, না চাইলে শপথ নেব না। একই সঙ্গে নতুন ভিপি আগামী ৩১ মার্চের মধ্যে পুনঃনির্বাচন দাবি করেন। এদিকে, ডাকসু ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে ক্যাম্পাসে। পুনঃনির্বাচনের দাবি জানিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা ও প্রার্থীরা। একই সঙ্গে তারা নির্বাচন সংশ্লিষ্ট সকলের পদত্যাগ দাবি করেন। আগামী তিন দিনের মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্রলীগ বাদে অন্য ছাত্রসংগঠনগুলো। একই দাবিতে রাজু ভাস্কর্যে গত মঙ্গলবার সন্ধ্যা থেকে অনশন করছেন ছয় প্রার্থী। রোকেয়া হলে চলমান প্রভোস্ট পদত্যাগের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে। মেয়েদের অন্য তিন হলের নির্বাচিত স্বতন্ত্র ভিপিরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, নির্বাচনী কর্মযজ্ঞকে অশ্রদ্ধা করার এখতিয়ার আমার নেই। কেউ বিশৃঙ্খলা করার প্রয়াস নিলে সহ্য করা হবে না।
শিক্ষার্থীরা চাইলেই শপথ নেবেন ভিপি : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসনের ক্লিয়ার মেসেজ পাওয়ার পর শপথের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর। গতকাল বিকেলে হাজী মুহাম্মদ মহসীন হলে সাংবাদিকদের এসব কথা বলেন নুর। নতুন ভিপি বলেন, নির্বাচিত হিসেবে শিক্ষার্থীদের সকল দাবির সাথে আমার সমর্থন আছে। শিক্ষার্থীরা চাইলে শপথ নেব, না চাইলে নেব না। বিশ্ববিদ্যালয় প্রশাসন সাজানো ছকে নির্বাচনে এগিয়েছে। লেডি মাস্তান বাহিনী শোভন ভাইয়ের নেতৃত্বে রোকেয়া হলে আমাদের উপর হামলা চালিয়েছে। নীলনকশা করেও বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে ও আখতারকে হারাতে পারেনি।
পুনঃনির্বাচনের দাবিতে তিনদিনের আল্টিমেটাম :তিনদিনের মধ্যে তফসিল, নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ চার দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের ভিসিকে স্মারকলিপি দিয়েছে নির্বাচন বর্জনকারী পাঁচটি প্যানেল। দাবি মানা না হলে ক্যাম্পাসে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় তারা। গতকাল দুপুরে ভিসির কাছে স্মারকলিপি দেন নির্বাচিত ভিপি নুরুল হক নুরসহ নির্বাচন বর্জনকারী ১০ জন প্রতিনিধি। পরে সেখান থেকে তারা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন। দাবি মেনে নেয়ার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। স্বতন্ত্র জোট থেকে ডাকসুতে ভিপি পদে নির্বাচন করা অরণি সেমন্তী খান বলেন, শনিবারের মধ্যে যদি ডাকসুর পুন:তফসিল ঘোষণা না হয়, যারা ভোট কারচুপির সঙ্গে জড়িত তাদের পদত্যাগ না হয় এবং মিথ্যা মামলা প্রত্যাহার না হলে আমরা কঠোর আন্দোলনে যাব।
ক্যাম্পাস অশান্ত করার চেষ্টা সহ্য করা হবে না:ভিসি দুপুরে ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, নির্বাচনের কর্মযজ্ঞকে অশ্রদ্ধা জানানোর এখতিয়ার আমার নেই। তিনি বলেন, ২৮ বছর পর একটি নির্বাচন। এত মানুষের আন্তরিকতা, তাদের স্বচ্ছ দৃষ্টিভঙ্গি, সময়, শ্রম দিয়ে অর্জিত বড় আকারেরর একটি কর্মযজ্ঞের ফলকে নস্যাত বা অশ্রদ্ধা জ্ঞাপন করার ক্ষমতা ভিসির নেই। তিনি বলেন,এখানে কেউ কোনোভাবে অশান্ত করার চেষ্টা করলে সেগুলো কোনোক্রমেই বিশ্ববিদ্যালয় সহ্য করবে না।
রোকেয়া হলে ছাত্রীদের রাতভর বিক্ষোভ, তিন ভিপি একাত্মতা :এদিকে রোকেয়া হল সংসদের নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে পুনঃনির্বাচন ও হল প্রাধ্যক্ষের পদত্যাগ দাবিতে গত মঙ্গলবার রাতভর বিক্ষোভ করেছে হলটির আবাসিক ছাত্রীরা। রাত ১০টা থেকে শুরু হওয়া এ বিক্ষোভ চলে সকাল পর্যন্ত। এসময় শিক্ষার্থীরা প্রাধ্যক্ষকে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলা প্রত্যাহারের দাবি করেন। গতকাল সকাল পর্যন্ত তারা হলের ভিতরের গেইটে বিক্ষোভ করেন। এসময় তারা হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিনাত হুদার পদত্যাগ চেয়ে ‘এক দফা এক দাবি, পদত্যাগ’ বলে স্লোগান দেয়।
ছাত্রদলের বিক্ষোভ :গতকাল বিশ্ববিদ্যালয়ে পুনঃনির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল শেষে তারা দুপুর ২টা পর্যন্ত ক্যাম্পাসে ছিলেন। এ বিষয়ে ছাত্রদলের প্যানেলে ডাকসুতে ভিপি পদে নির্বাচন করা মোস্তাফিজুর রহমান বলেন, নির্বাচনের আগের রাতেই ব্যালটে বাক্স ভর্তি করে রাখা হয়েছে। ভোটের দিন সকাল থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের কারণে সাধারণ ভোটাররা ঠিকমতো ভোট দিতে পারেননি।
ক্লাস বর্জন কয়েকটি বিভাগের : গত মঙ্গলবার নব নির্বাচিত ভিপি নুরুল হক নুরের ওপর হামলা ও নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ক্লাস বর্জন কর্মসূচি দিয়েছিল নির্বাচন বর্জনকারী পাঁচটি প্যানেল। যদিও ওই দিন বিকেলে ফের কর্মসূচি প্রত্যাহার করে নেন ভিপি নুরুল হক নুর। কিন্তু গতকাল ক্লাস বর্জনের কর্মসূচি না থাকলেও ক্লাস বর্জন করেছে কয়েকটি বিভাগ।
পুনঃনির্বাচনের দাবিতে সাত শিক্ষার্থীর অনশন : ডাকসু ও হল সংসদ নির্বাচনে কারচুপি ও জালিয়াতি হয়েছে দাবি করে নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা ও নির্বাচন সংশ্লিষ্টদের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বসেছে বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থী। তাদের মধ্যে পাঁচজন কেন্দ্রীয় ও বিভিন্ন হল সংসদে নির্বাচন করেছেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে তারা অনশনে বসেন।
