লক্ষ্মীপুর সদর উপজেলার কুমিদপুর এলাকায় দ্বিতীয় শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় বখাটে সাকিব হোসেনকে শুক্রবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বিকালে সাকিব হোসেন ঐ ছাত্রীকে ঘুরানোর কথা বলে বাড়ির পাশের রাস্তা থেকে ফুসলিয়ে বাইসাইকেলে তুলে নিয়ে যায়। এক পর্যায়ে মাদ্রাসা বিল্ডিংয়ের ছাদে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। এসময় ছাত্রীর চিত্কার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে এবং সদর থানা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রীকে উদ্ধার করে। এই ঘটনায় সাকিব হোসেনকে গ্রেফতার করে। এ ঘটনায় রাতে নির্যাতিত ছাত্রীর বাবা বাদী হয়ে সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করে।
শনিবার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ভূ্ঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাকিব হোসেনকে গ্রেফতার করা হয়েছে। সকাল ১১টায় তাকে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ঐ ছাত্রীকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য সকালে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
