ফুলরাজ্য গদখালিতে রেকর্ড পরিমাণ ফুল বিক্রি হয়েছে বসন্ত বরণ, বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে। এই দুই দিবসকে ঘিরে প্রায় ১৩ কোটি টাকার ফুল বিক্রি করেছেন যশোরের গদখালির ফুলচাষিরা। গত এক সপ্তাহে গদখালি ফুলবাজার থেকে এই ফুল সারাদেশে ছড়িয়ে দিয়েছেন ফুলচাষি ও ব্যবসায়ীরা। এর আগে ২০১৪ সালে পাঁচ কোটি টাকার ফুল বিক্রির রেকর্ড ছিল। অনুকূল পরিবেশের কারণে এবার যেমন ফুলের ভালো ফলন হয়েছে, তেমনি দামও ভাল পেয়েছেন ফুলচাষিরা। এতে গতবছর রাজনৈতিক অস্থিরতার কারণে হওয়া ক্ষতি পুষিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন তারা। তাই আনন্দে উত্ফুল্ল এখানকার ফুলচাষিরা।
যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি, পানিসারা ইউনিয়নসহ বেশ কয়েকটি ইউনিয়নে বাণিজ্যিকভাবে উত্পাদিত হয় রজনীগন্ধা, গোলাপ, গ্লাডিওলাস, জারবেরা, গাঁদাসহ বিভিন্ন ফুল এবং ফুলজাত উপকরণ জিপসি, রথস্টিক প্রভৃতি। চলতি ফুল মৌসুমে এ অঞ্চলের চাষিরা প্রায় দেড় হাজার হেক্টর জমিতে ফুলের আবাদ করেছেন। এবছর অনুকূল আবহাওয়ায় ফুলের উত্পাদনও হয়েছে ভালো। এ কারণে ভালোবাসা দিবস, বসন্ত দিবস ও ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অন্তত ২০ কোটি টাকার ফুল বেচাকেনার প্রস্তুতি নিয়েছিলেন গদখালির ফুলচাষিরা।
গদখালিতে এখন গোলাপ প্রতিপিস ৮ থেকে ১১ টাকা, গ্লাডিওলাস ৫ থেকে ১০ টাকা, রজনীগন্ধা আড়াই থেকে ৩ টাকা, জারবেরা ১২ থেকে ১৫ টাকা দরে বিক্রি হচ্ছে। বাংলাদেশ ফ্লাওয়ারস্ সোসাইটি সভাপতি আব্দুর রহিম জানান, বসন্ত বরণ ও ভালোবাসা দিবসকে কেন্দ্র করে বেচাকেনায় সন্তুষ্ট এ অঞ্চলের চাষিরা।
