চকবাজারের আগুনের ঘটনায় ওয়াহেদ ম্যানশনের দুই মালিকের জামিন বহাল রেখেছে হাইকোর্ট। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. রিয়াজউদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এই আদেশ দেন।
এর আগে সোমবার ওয়াহিদ ম্যানশনের মালিক মো. হাসান ও সোহেল ওরফে শহীদকে তিন সপ্তাহের আগাম জামিন দিয়েছিলো হাইকোর্ট। পরদিন বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ‘ওয়াহিদ ম্যানশনের দুই মালিক বিদেশে পালিয়েছেন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রকাশিত প্রতিবেদনটি আদালতের নজরে আনেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারওয়ার কাজল। এরপরই হাইকোর্ট জামিন বাতিলের জন্য রাষ্ট্রপক্ষকে দরখাস্ত দাখিল করতে নির্দেশ দেন। একইসঙ্গে আসামি পক্ষের আইনজীবীদের নোটিস দেওয়া হয়।
ওই নোটিসের প্রেক্ষিতে গতকাল বুধবার হাসান ও সোহেলকে নিয়ে আদালতে হাজির হন তাদের আইনজীবী মোমতাজউদ্দিন আহমেদ মেহেদী। তিনি আসামিদের পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, সিটি করপোরেশনের নাগরিক সনদপত্র আদালতে দাখিল করে বলেন, এখানে আদালতের সঙ্গে কোনো ধরনের প্রতারণার আশ্রয় নেওয়া হয়নি। এরপর হাইকোর্ট আসামিদের জামিন বহাল রাখেন। একইসঙ্গে সংশ্লিষ্ট পত্রিকার রিপোর্টারকে তলব করে আদালত। আগামী ৩ এপ্রিল তাকে আদালতে হাজির হয়ে রিপোর্টের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
