বাঘায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৩৫
বাঘায় এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবি নিয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। আর এই বিক্ষোভ কর্মসূচিতে বাধা সৃষ্টি করতে গিয়ে দফায়-দফায় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ, ব্যবসায়ী ও শিক্ষার্থীসহ  প্রায় ১০ জন আহত হয়। 
 
সোমবার দুপুরে বাঘার শাহদৌল্লা ডিগ্রি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।  
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে বাঘা শাহদৌল্লা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা তাদের এইচএসসি পরীক্ষার কেন্দ্র তেঁথুলিয়ার পরিবর্তে বাঘায় আনার দাবি নিয়ে কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। এরপর মিছিলটি উপজেলা পরিষদ চত্বর পদক্ষিণ করে ফিরে আসার পর তারা কলেজ গেটের সামনে সড়কে ব্যাঞ্চ দিয়ে পথ অবরোধ করে। এর ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
 
এ খবর পেয়ে  ঘটনাস্থলে থানা পুলিশ এসে তাদের ধাওয়া করলে উভয় পক্ষের মধ্যে ব্যপক সংঘাত, ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টার ঘটনা ঘটে। এ ঘটনায় বাঘা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শ্রী ধীরেন্দ্রনাথ,(এএসআই) মির্জা হাসান ও কনস্টেবল তোতা গুরুতর আহত হয়। অপর দিকে পুলিশের লাটির আঘাতে কলেজ প্রভাষক ও আওয়ামী লীগ নেতা আবুবক্কর সিদ্দিকের ছেলে দুর্জয়সহ ছাত্র আসিব, মেহেদী, পলাশ এবং পথচারী  সাজদার রহমান মিলে প্রায় ১০ জন আহত হয়। আহতদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে। 
 
বাঘা শাহ্দৌল্লা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমজাদ হোসেন নবাব জানান,  আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে সারাদেশে এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এই পরীক্ষার সময় সরকারি নির্দেশনা মতে এক স্থানের শিক্ষার্থীরা আরেক স্থানে গিয়ে পরীক্ষা দেয়। সেদিক থেকে বাঘার শিক্ষার্থীদের তেঁথুলিয়া যেতে হয়। আপর দিকে তেঁথুলিয়ার শিক্ষার্থীদের আড়ানী যেতে হয়, আর আড়ানীর শিক্ষার্থীদের বাঘায় আসতে হয়। এর ফলে শিক্ষার্থীদের সময় অপচয়সহ পরীক্ষার পরিবেশ বিঘ্নিত হয়। এ কারণে শিক্ষার্থীরা তাদের কেন্দ্র পূর্বের ন্যায় স্ব-স্থানে রাখার দাবি নিয়ে আন্দোলন শুরু করেছে।
 
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহামুদ জানান, রাস্তায় যানজট সৃষ্টি হওয়ার পর ঘটনাস্থলে পুলিশ এলে ছাত্ররা তাদের লক্ষ করে ইট-পাটকেল ছুড়ে। এ সময়  উভয় পক্ষের মধ্যে কিছুটা ধাওয়া পাল্টার ঘটনা ঘটে। পরে শিক্ষকদের সহযোগিতা নিয়ে শহীদ মিনার চত্বরে কেন্দ্র পরিবর্তনের বিষয়টি  বিবেচনা করার আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।