সিরিয়ায় বিদ্রোহীদের ওপর রুশ বিমান হামলা বন্ধ করতে ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। সিরিয়ার অবরুদ্ধ এলাকাগুলোতে জরুরি ত্রাণ সহায়তা পৌছাতে বিমান হামলা বন্ধ করার ওপর জোর দেন ওবামা।
শনিবার টেলিফোনে আলাপকালে ওবামা এসব কথা বলেন বলে হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে। এসময় ওবামা যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে শত্রুতার অবসান ঘটাতে উদ্যোগ নেয়ার কথাও বলেন।
হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্ট ওবামা মডারেট বিদ্রোহীদের ওপর বিমান হামলা বন্ধ করতে বিশেষভাবে জোর দিয়েছেন।
গত শুক্রবার ওয়াশিংটন ও মস্কোর মধ্যে একটি শান্তিচুক্তি স্বাক্ষরিত হওয়ার পর এই আহ্বান জানালেন ওবামা। শান্তিচুক্তিটির সমালোচনা করে সিরিয়ার বিদ্রোহীদের অভিযোগ, বেসামরিক জনগণের ওপর বিমান হামলা চালাচ্ছে রুশ যুদ্ধ বিমানগুলো।
