ডোমারে পিকনিক বাস খাদে, আহত ৭০

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:২০
নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকনিক বাস খাদে পড়ে গেলে ৭০ জন পিকনিক যাত্রী আহত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে পঞ্চগড় ও নীলফামারীর ডোমার উপজেলা সড়কের পাগলার বাজারে। আহতদের দেবীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
এদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তারা হলেন- বাসের হেলপার মহিদুল (৩২) ও পিকনিক যাত্রী রুবেল (৩০)।
 
পিকযাত্রী আহত ফিরোজ (২৫) জানান, তারা পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভোজনপুর ইউনিয়নের  নন্দনগছ গ্রাম থেকে ৭০ জন দিনাজপুরের ফুলবাড়ির স্বপ্নপুরি নামক স্থানে পিকনিক যাচ্ছিল। পথে নীলফামারীর ডোমার উপজেলার পাগলা বাজারে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মা জাহানারা পরিবহন নামের পিকনিক বাসটি (ঢাকা মেট্রো-চ- ৯৭৬৯) সড়কের কাছে একটি খাদে উল্টে পড়ে।                         
 
ডোমার থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ডোমার ফায়ার সার্ভিসের একটি ইউনিটসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাস থেকে পিকনিক যাত্রীদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।
 
দেবীগঞ্জ থানার ওসি বাবুল আখতার জানান, বাসের চালক পলাতক রয়েছেন।