দিল্লির আদালতে ছাত্রনেতার ওপর হামলা, বিতর্ক তুঙ্গে

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:১৯
কথিত রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ছাত্রনেতা কানাইয়া কুমার আদালত চত্বরে সরকার সমর্থকদের আক্রমণের শিকার হয়েছেন। অভিযোগ উঠেছে উপস্থিত আইনজীবীদের একাংশ 'ভারত মাতা কি জয়' স্লোগান দিয়ে ওই ছাত্রনেতাসহ উপস্থিত সাংবাদিকদের ওপর হামলা চালান।বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া বিতর্ককে কেন্দ্র করে ক্রমেই বিভক্ত হয়ে যাচ্ছে ভারতীয় সমাজ।
 
আদালতে ছাত্রনেতার ওপর হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত পাতিয়ালার ওই আদালতের কার্যক্রম স্থগিত করে খালি করে দেয়ার নির্দেশ দিয়েছে।
 
ঘটনার সূত্রপাত গত ৯ ফেব্রুয়ারি। দিল্লিতে ভারতের পার্লামেন্ট ভবনে ২০০১ সালের হামলায় অভিযুক্ত আফজাল গুরুর ফাঁসির দ্বিতীয় বার্ষিকীতে ক্যাম্পাসে প্রতিবাদ-বিক্ষোভে সামিল হয় একদল ছাত্র। স্লোগান ওঠে কাশ্মিরের স্বাধীনতার সমর্থনে।
 
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের এই উত্তাপ ক্রমশই ছড়িয়ে পড়ছে সারা ভারতে। জেএনইউর ডাকা ছাত্র ধর্মঘটে যোগ দিয়েছে কেন্দ্র পরিচালিত ভারতের ৪০টি বিশ্ববিদ্যালয়। 
 
এদিকে ক্যাম্পাসে দেশ বিরোধী কার্যকলাপ সহ্য করা হবে না বলে হুশিয়ারি দিয়েছে কেন্দ্রীয় সরকার। অভিযোগ উঠেছে বামপন্থী ও দলিত ছাত্র সংগঠনগুলো বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে নেতৃত্ব দিচ্ছে। ক্যাম্পাসের বাইরে ছাত্রদের বিরুদ্ধে মিছিলও করেছে বিজেপি সমর্থকরা। ফলে একরকম সরকারের সঙ্গে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছেন বিশ্ববিদ্যালয়টির ছাত্রসমাজ।
 
জেএনইউ ছায়া এসে পড়েছে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়েও। যাদবপুরের মিছিলে আফজল গুরু ও গিলানির সমর্থনে স্লোগান দেয় ছাত্ররা। এমনকি কাশ্মির ও মনিপুরের স্বাধীনতার দাবির সমর্থনে স্লোগান তোলা হয় সেখানে। সূত্র: হিন্দুস্তান টাইমস, জিনিউজ