পর্যটকদের জন্য নিষিদ্ধ হচ্ছে বান্দরবানের স্বর্ণ মন্দির

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৩৩
বান্দরবানের স্বর্ণ মন্দিরে পর্যটকদের ভ্রমণের ওপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে মন্দির কর্তৃপক্ষ। মন্দিরটির আসল নাম 'বুদ্ধ ধাতু জাদি' হলেও এটি স্বর্ণ মন্দির হিসেবেই পরিচিত। ২০০০ সালে দক্ষিণ পূর্ব এশীয় ধাঁচে মিয়ানমারের স্থাপত্যবিদের তত্ত্বাবধানে মন্দিরটি নির্মিত হয়।
 
বান্দরবানের অন্যতম আকর্ষণীয় স্থান হিসেবে পর্যটকদের কাছে বিবেচিত হয় স্বর্ণ মন্দির। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানানো হয়েছে। তবে মন্দির কর্তৃপক্ষ বলছে পূজা বা ধর্মীয় রীতিনীতি পালন করতে চাইলে অনুমতি নিয়ে মন্দিরে প্রবেশ করা যাবে।
 
মন্দিরে পর্যটকদের নিষিদ্ধ করার কারণ হিসেবে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকরা বৌদ্ধ মন্দিরের পবিত্রতা নষ্ট করছে, বিভিন্নভাবে ভক্তদের হয়রানিও করেছে।
 
স্বর্ণ মন্দিরের প্রধান পুরোহিত উপ ঞ ঞা জোত মহাথেরের সেক্রেটারি বাচ মঙ জানিয়েছেন, 'পর্যটকেরা মন্দিরের বিভিন্ন মূর্তি স্পর্শ করে এমনকি পূজার আসনে বসে মন্দিরের পবিত্রতা নষ্ট করছে। মন্দিরের পূজার দ্রব্য ফেলে দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছে। অনেক পর্যটক জুতা নিয়েও মন্দিরে প্রবেশ করে। তাদের বাধা দিয়ে বাকবিতণ্ডা তৈরি হয়েছে, মন্দিরের কর্মকর্তারা হুমকি-ধামকির মুখেও পড়েছেন'-বলেন বাচ মঙ।
 
এমন ঘটনার প্রেক্ষিতেই মন্দির কর্তৃপক্ষ পর্যটকদের জন্য স্বর্ণ মন্দিরে ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। সূত্র: বিবিসি