ক্ষতিপূরণ পেলেন ইস্টার্ন ব্যাংকের গ্রাহকরা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৩০
 
কার্ড জালিয়াতির ঘটনায় ইস্টার্ন ব্যাংক লিমিটটেডের ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ক্ষতিপূরণ দিয়েছে ব্যাংকটি। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্তদের মধ্যে পাঁচজনকে চেক তুলে দেয়া হয়। বাকি ক্ষতিগ্রস্তদের টাকা তাদের অ্যাকাউন্টে জমা করে দেয়া হয়।
 
ইস্টার্ন ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান জিয়াউল করিম জানিয়েছেন, ব্যাংকের ক্ষতিগ্রস্ত অন্য গ্রাহকদের ক্ষতিপূরণের টাকা তাদের অ্যাকাউন্টে জমা করা হয়েছে।
 
৬ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে রাজধানীতে ইস্টার্ন, সিটি ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চার বুথে ‘স্কিমিং ডিভাইস’ বসিয়ে  ও পরে ক্লোনিং কার্ড বানিয়ে টাকা উত্তোলন করে দুর্বৃত্তরা। এতে ইস্টার্ন ব্যাংকের মোট ২৮ জন গ্রাহকের ১৭ লাখ ৫৩ হাজার টাকা তুলে নেয়া হয়।
 
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক ইস্কান্দার মিয়ার সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর নাজনীন সুলতানা ও বিশেষ অতিথি ছিলেন ইস্টার্ন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাসান উর রশিদ। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা।
 
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা বলেন, এই ঘটনার পর এটিএম বুথের নিরাপত্তা বাড়াতে একগুচ্ছ নির্দেশনা দেয়া হয়েছে। জালিয়াতির ঘটনা জানাজানির পরপরই গ্রাহকের স্বার্থ সুরক্ষায় তাত্ক্ষণিক কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়।
 
এদিকে এটিএম বুথে জালিয়াতির ঘটনায় সিসি ক্যামেরায় পাওয়া ছবি দেখে শনাক্ত করা বিদেশি নাগরিককে ধরতে প্রায় একই রকম চেহারার পাঁচ বিদেশির উপর নজর রাখছে পুলিশ। রাজধানীর বনানীতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) একটি বুথে স্কিমিং ডিভাইস বসিয়ে গ্রাহকের তথ্য চুরির ঘটনায় ক্লোজড সার্কিট ক্যামেরায় ঐ বিদেশির ছবি পাওয়া যায়।