অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে সিক্যুয়েল কাব্যগ্রন্থ প্রকাশ করলেন নাট্যকার, গীতিকবি ও সাংবাদিক দীপংকর দীপক। এর শিরোনাম ‘নিষিদ্ধ যৌবন- ২য় খণ্ড’। বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সিক্যুয়াল কাব্যগ্রন্থ এটি। বইটি প্রকাশ করেছে মিজান পাবলিশার্স। এর আগে ‘নিষিদ্ধ যৌবন’-এর প্রথম খণ্ড অঙ্কুর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। এছাড়া এবারের বইমেলায় দীপকের তিনটি গল্পগ্রন্থও পাওয়া যাচ্ছে।
এগুলো হচ্ছে- ‘ঈশ্বরের সঙ্গে লড়াই’, ‘নাস্তিকের অপমৃত্যু’ ও ‘বুনো কন্যা’। এর মধ্যে ‘ঈশ্বরের সঙ্গে লড়াই’ ও ‘নাস্তিকের অপমৃত্যু’ গল্পগ্রন্থ দুটি প্রকাশ করেছে কলি প্রকাশনী। অন্যদিকে, ‘বুনো কন্যা’ গল্পগ্রন্থটি এনেছে আকাশ প্রকাশনী।
এ প্রসঙ্গে দীপংকর দীপক বলেন, ‘মনের পিপাসা নিবারণে লেখালেখি করছি। পাশপাশি পাঠকদের কাছ থেকেও এ নিয়ে বেশ সাড়া পাচ্ছি। তাই আগামীতেও আমি সাহিত্যচর্চাটা অব্যাহত রাখতে চাই।’ তিনি আরো জানান, কবিতা ও গল্পের পাশাপাশি আগামী বইমেলায় তার নাট্যগ্রন্থ ও উপন্যাস প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।
