আমাদের অনেক স্টোরিটেলার দরকার: আনিসুল হক

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৫২
 
‘আপনার সব বই আমি পড়েছি’ - ভিড়ের মধ্যে থেকে এক যুবক এ কথা বলতেই বইয়ে অটোগ্রাফ দিতে দিতে মুখ তুলে তাকালেন কবি, কথাসাহিত্যিক আনিসুল হক। যে কোনো লেখক তার এমন পাঠকের প্রতি মনোযোগ দেবেন সন্দেহ নেই। লেখক প্রশ্ন করলেন, কোন বই ভাল লেগেছে? এমবিএ পড়ুয়া তুহিন উত্তরে বললেন, ‘মা’ আর ‘ঊষার দুয়ার’। আনিসুল হককে জিগ্যেস করি, অটোগ্রাফ দিতে কেমন লাগে? ক্লান্তি লাগে না? উত্তরে বলেন, মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, অটোগ্রাফ দিতে ক্লান্তি লাগে না। আমারও তাই। তবে অটোগ্রাফের দিন শেষ। এখন ফটোগ্রাফের দিন। মজা করে বললেন, সেলফি তুলতে হবে সেই জন্যেই তো মুখে ফর্সা হওয়ার ক্রিম ট্রিম মেখে আসি। বলেই এক গাল হাসলেন।
বইমেলার শুরু পর থেকে নিয়মিতভাবেই মেলায় এসেছেন তিনি। পাঠকদের সময় দিয়েছেন। বিভিন্ন স্টলে বসেছেন। প্রথমা থেকে এসেছে ওনার উপন্যাস গ্রন্থ ‘জেনারেল ও নারীরা’। এ উপন্যাস প্রসঙ্গে বললেন, উপন্যাসের কাহিনী সত্য ঘটনা নিয়ে। তবে গল্প-বিন্যাসের কাতিরে কিছু কল্পনার আশ্রয় নিতে হয়েছে।
 

আনিসুল হক বললেন, এখন স্টোরিটেলারের (গল্পকথক) বড্ড অভাব। দেশে শিক্ষার হার বাড়ছে। লাখ লাখ ছেলেমেয়ে পাঠক হিসেবে যুক্ত হচ্ছে। আগে হুমায়ূন আহমেদসহ তিন-চারজন লেখকের ওপরই চাপ ছিল বেশি। এখন তিনিও নেই। কয়েকজনের ওপর এখন লেখার চাপ। প্রচুর তরুণ লেখক আসেন, নিরীক্ষাধর্মী বই লেখেন। তারা কমলকুমার মজুমদার, আখতারুজ্জামান ইলিয়াস হতে চান। কিন্তু সবাই তো আর হবেন না। আমাদের অনেক স্টোরিটেলার দরকার, যারা অনায়াসে লিখতে পারবেন।