নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে লিয়ন (২) নামে এক শিশুকে অপহরণের ৩৯ দিন পর কুমিল্লা থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের সঙ্গে জড়িত থাকায় এক নারীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানা এলাকার দুর্গাপুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো— রংপুরের কোতয়ালী থানার জানপুর এলাকার পারভীন ওরফে সোমা (২৮), তার স্বামী মজনু মিয়া (৩৬), কুমিল্লা সদর দক্ষিণ থানার দুর্গাপুর এলাকার মৃত আক্রম আলীর ছেলে আনোয়ার হোসেন (৩৫) ও একই এলাকার মৃত আলী আহম্মদের ছেল জামান (৫৫)।
পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার এসআই শাহিদুল ইসলাম বলেন, কিশোরগঞ্জের বাজিতপুরের দাশাআটির দিলু মিয়া তার স্ত্রী বিলকিস ও সন্তান লিয়নকে নিয়ে ফতুল্লার আলীগঞ্জ এলাকার একটি বস্তিতে বসবাস করেন। তারা উভয়েই পাথর ভাঙ্গার কাজ করে। একই বস্তিতে বসবাস করতো সোমা ও তার স্বামী মজনু মিয়া। গত ১০ জানুয়ারি বিকেলে দিলু মিয়ার কর্মস্থল থেকে শিশু লিয়নকে বাসায় নিয়ে আসার কথা বলে অপহরণ করেন। পরে ঐদিন রাতে বস্তি বাসায় আসেন দিলু ও তার স্ত্রী। এসে দেখে তাদের ঘরে শিশু লিয়ান নাই। একদিন পর সোমা ফোন করে দিলুর কাছে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। পরে মুক্তিপনের টাকা না পেয়ে সোমা ও তার স্বামী শিশুটিকে কুমিলায় আনোয়ার আর জামানের কাছে বিক্রি করে দেয়। এ ঘটনায় ১ ফেব্রুয়ারি দিলু মিয়া ফতুলা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে একটি মোবাইলের সূত্র ধরে সোমা ও তার স্বামী মজনুকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যমতে, শুক্রবার সকালে কুমিলার সদর দক্ষিণের দুর্গাপুর এলাকা হতে শিশুটিকে উদ্ধার করে আনোয়ার ও জামানকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় উদ্ধারকৃত শিশুর বাবা দিলু মিয়া বাদী হয়ে শুক্রবার দুপুরে ফতুলা মডেল থানায় মামলা দায়ের করেন।
