গাজীপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০, আটক ৭

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ১০:২৯
রাস্তা নির্মাণ ও মামলা দায়েরের জের ধরে গাজীপুর সিটি কর্পোরেশনে দুই কাউন্সিলরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক কাউন্সিলরসহ আহত হয়েছেন ১০ জন। 
 
শুক্রবার দিবাগত রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের কামারজুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
 
জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মো. জাকির হোসেন জানান, দুই কাউন্সিলরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের পরে ঘটনাস্থল থেকে চার রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাতজনকে আটক করা হয়। 
 
জানা গেছে, ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মণ্ডল ও ৩৬নং ওয়ার্ডের কাউন্সিলর মো. সানাউর রহমানের সমর্থকদের সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। এ সময় সানাউর আহত হন। তাকে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যান্যদের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।