রহস্যোপন্যাস ‘নেইম অব দ্যা রোজ’ খ্যাত ইতালিয়ান ঔপন্যাসিক ও দার্শনিক উমবের্তো একো আর নেই। ৮৪ বছর বয়সী এই লেখক শুক্রবার রাতে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পরিবারের বরাতে বিবিসি জানিয়েছে।
তবে একো মিলান ও রিমিনির কোন বাড়িতে মারা গেছেন কিংবা তার মৃত্যুর কারণ জানা যায়নি। ইতালির উত্তরাঞ্চলীয় শহর আলেসান্দ্রিয়ায় ১৯৩২ সালে জন্মগ্রহণ করা একো লেখালেখি চালিয়ে গেছেন মৃত্যুর আগ পর্যন্ত। চিহ্নবিজ্ঞানী, ঐতিহাসিক এবং সাহিত্য সমালোচক একোর প্রথম যে উপন্যাসটি ১৯৮০ সালে প্রকাশিত হয়, তিনবছর পর সেটিই ‘দ্য নেইম অফ দ্য রোজ’ নামে ইংরেজিতে অনূদিত হয়, যা বিশ্বজুড়ে সাহিত্যপ্রেমীদের মধ্যে আলোড়ন তোলে।
১৯৮৯ সালে উপন্যাসটি চলচ্চিত্রে রূপায়িত হয়, যাতে প্রধান চরিত্রে অভিনয় করেন বিখ্যাত অভিনেতা শন কনারি। ১৩২৭ খৃষ্টাব্দে ইতালির একটি বেনেডিক্টিয় একটি মঠে কয়েকজন সন্ন্যাসীর রহজনক মৃত্যু এবং সেই রহস্য উদঘাটেন আরেক সন্ন্যাসী উইলিয়ামের তৎপরতা অসামান্য মুন্সীয়ানায় একো তুলে ধরেছেন এই উপন্যাসে। পাশাপাশি লেখক বুদ্ধিবৃত্তিক এই রহস্যোপন্যাসে লেখক সংমিশ্রণ ঘটিয়েছেন চিহ্নবিজ্ঞান, সাহিত্যতত্ত্ব, বাইবেলের নানান ব্যাখ্যা-বিশ্লেষণ, মধ্যযুগের দর্শন, ইতিহাস ইত্যাদির।
একোর আরও কয়েকটি উপন্যাস হচ্ছে ‘ফুকো’জ পেন্ডুলাম’ (১৯৮৮), ‘দ্য আইল্যান্ড অফ দ্য ডে বিফোর’ (১৯৯৫), ‘বাউদোলিনো’ (২০০০), ‘দ্য মিস্টেরিয়াস ফ্লেইম অফ কুইন লোয়ানা’ (২০০৫) ও ‘ইয়ার জিরো’।এর মধ্যে শেষেরটি গত বছর প্রকাশিত হয়। এছাড়া ‘মিসরিডিংস’, ‘ট্র্যাভেলস ইন হাইপাররিয়ালিটি’ ও ‘হাউ টু ট্র্যাভেল উইথ আ স্যামন অ্যান্ড আদার এসেজ’ নামের প্রবন্ধ সংকলনও রয়েছে তার। পাঠক নন্দিত হয়েছে তার ‘অন লিট্রেচার’, ‘অন বিউটি’ এবং ‘অন আগলিনেস’ নামের তিনটি গ্রন্থও।
শিশু-কিশোরদের জন্য ইউজেনিও কার্মির সঙ্গে যৌথভাবে একো রচনা করেছেন দুটি গ্রন্থ- ‘দ্য বম্ব অ্যান্ড দ্য জেনারেল’ ও ‘দ্য থ্রি অ্যাস্ট্রনট্স্’৷ আমি একজন দার্শনিক; কেবল সাপ্তাহিক ছুটির দিনগুলোতেই আমি উপন্যাস লিখি”- এমনটাই ছিল নিজের সম্পর্কে এই লেখকের উপলব্ধি। ইকোর হাতেই ১৯৮০ সালে ইতালির সান মারিনো বিশ্ববিদ্যালয়ের ‘যোগাযোগ বিভাগ’ প্রতিষ্ঠিত হয়। বিখ্যাত এ লেখক বোলোগনা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর মানবিক বিদ্যালয়ের চেয়ারম্যান ও ইমেরিটাস অধ্যাপক ছিলেন। বিবিসি।
