বিচারপতি স্ক্যালিয়ার শেষকৃত্যে অংশ নিলেন ওবামা

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৫০
 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সুপ্রিম কোর্টের বিচারক স্ক্যালিয়ার শেষকৃত্যে যোগ দিয়েছেন। শনিবার সুপ্রিম কোর্টের সামনে রাখা তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ওবামা ও মিশেল ওবামা। এর আগে শেষকৃত্যে অংশ নেবেন না বলে জানানোর পর সমালোচনার মুখে পড়েছিলেন ওবামা।
 
হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে তার স্থলে অন্য একজন বিচারককে মনোনীত করবেন ওবামা। বিচারক নিয়োগের কাজটি ওবামাকে তার উত্তরসূরির ওপর ছেড়ে দেয়ার কথা বলছে রিপাবলিকানরা। সংবিধান অনুযায়ী বিচারক নিয়োগ করবেন প্রেসিডেন্ট। তবে তা চূড়ান্ত কিংবা বাতিল করার ক্ষমতা আছে সিনেটের। সিনেটে এখন রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ।
 
রক্ষণশীল বিচারক স্ক্যালিয়া (৭৯) টেক্সাসের একটি খামার বাড়িতে বার্ধক্যজনিত কারণে মারা যান। তার মৃত্যুতে সাংবিধানিক সংকট সৃষ্টি হতে পারে বলে আশংকা করা হচ্ছে। স্ক্যালিয়ার আদালতে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা বিচারাধীন ছিল। সূত্র: বিবিসি