সদ্য বিলুপ্ত ৫৯টি ছিটমহলে প্রথমবারের মত রাষ্ট্রীয় ভাবে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শনিবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে জেলা সদরে কুলাঘাট ইউনিয়নের ভিতরকুটিতে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মতিয়ার রহমান।
এদিকে লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২ টা এক মিনিটে জেলা প্রশাসক ও পুলিশ সুপার রাষ্ট্রীয় ভাবে শহীদ দিবসের পুস্পমাল্য অর্পন করেন। সারাদিন লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনার, শহরের বিজিবি ক্যাম্পের সামনের বিজয় স্তম্ভ ও শহরের রেলওয়ে স্টেশন চত্বরের মুক্তমঞ্চে সামাজিক রাজনৈতিক সংগঠনগুলো উদ্যোগে ভাষা শহীদদের স্বরণে সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি ও বর্ণমালা লিখন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, গত বছরের ৩১ জুলাই ৬৮ বছরের গ্লানিমুক্ত হয়েছে ছিটমহলবাসী। এখন দেশে ছিটমহল বলে কিছু নেই। দেশের মূল স্রোতধারায় ও অর্থনৈতিক উন্নয়নে এ এলাকার লোকদের খুব দ্রুত নিয়ে আসার প্রক্রিয়া সরকার গ্রহণ করেছে। ইতোমধ্যে ৫৯টি সদ্যবিলুপ্ত ছিটমহল এলাকায় দুইশত কোটি টাকার উন্নয়ন কাজ শুরু হয়ে গেছে।
অর্থনৈতিক উন্নয়ন ও দেশের সংস্কৃতির সাথে পরিচয় করাতে জেলার প্রতিটি সদ্য বিলুপ্ত ছিটমহলে ২১ ফেব্রুয়ারী পালন হয়েছে। জেলা পরিষদ প্রশাসক, উপজেলা পরিষদসহ সকল মানুষকে নিয়ে সেখানে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।
