কাভার্ডভ্যানের সিলিন্ডার বিস্ফোরণে চালক-হেলপার দগ্ধ

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৬, ২০:১৪
নারায়ণগঞ্জে চলন্ত একটি কাভার্ডভ্যানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ভ্যানটির চালক ও হেলপার দগ্ধ হয়েছেন।
 
রবিবার বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লার লামাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় চালক সোহেল রানা এবং হেলপার সেলিম হোসেনকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
হাসপাতালে চিকিৎসাধীন ভ্যানরচালক সোহেল রানা বলেন, কাভার্ডভ্যানটি ব্যাল মন্টি কুরিয়ার সার্ভিসের। গাজীপুরের বিভিন্ন কারাখানা থেকে তৈরি পোশাক নিয়ে নারায়ণগঞ্জ আসার পথে লিংক রোডের লামাপাড়া ইকোপার্কের সামনে আসার পরপরই কাভার্ডভ্যানের গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে ভ্যানের সামনের ২ চাকা এবং ভ্যানের বাম পাশের পুরো অংশ ও ভ্যানে থাকা তৈরি পোশাক পুড়ে যায়। আগুনে দগ্ধ হন তিনি ও হেলপার সেলিম হোসেন।
 
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপপরিচালক দীনুমনি শর্মা জানান, বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে কাভার্ডভ্যানটির ব্যাপক ক্ষতি হয়েছে। পুড়ে গেছে ভ্যানে থাকা মালামাল।