সিরিয়ার হোমস ও দামেস্ক নগরীতে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪০ জনে দাঁড়িয়েছে। এসব হামলার দায় স্বীকার করেছে তথাকথিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, দামেস্কের দক্ষিণ উপকণ্ঠের সাইয়েদা জয়নাব এলাকায় চারটি বিস্ফোরণে অন্তত ৮৩ জন নিহত হয়েছে। এর আগে হোমসে দুটি গাড়িবোমা হামলায় কমপক্ষে ৫৭ জন নিহত হয় বলে একটি পর্যবেক্ষক গোষ্ঠী জানিয়েছে। উভয় শহরে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। অতীতে এই দুই শহর আইএসের বড় ধরনের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার দৃষ্টান্ত রয়েছে। রবিবারের ওই হামলার আগে সিরিয়ার আলেপ্পোতে সরকারি বাহিনীর সঙ্গে লড়াইয়ে জঙ্গিগোষ্ঠী আইএসের প্রায় ৬০ জন জিহাদি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে সিরিয়ান সেন্টার ফর পলিসি রিসার্চ জানিয়েছে, সিরিয়ায় গত পাঁচ বছর ধরে সরকারি বাহিনী ও সরকারবিরোধীদের মধ্যে চলমান গৃহযুদ্ধে নিহত হয়েছেন অন্তত চার লাখ ৭০ হাজার মানুষ। আর গৃহযুদ্ধে মানুষের গড় আয়ু প্রায় ১৫ বছর কমে গেছে। গৃহযুদ্ধে নিহতদের মধ্যে চার লাখ মানুষের মৃত্যু হয়েছে সংঘাতের কারণে। আর অপর্যাপ্ত স্বাস্থ্যসেবা, ওষুধ ও খাদ্য স্বল্পতা এবং বিশুদ্ধ পানির অভাবে প্রাণ হারিয়েছেন ৭০ হাজার মানুষ।
