যশোরের অভয়নগর উপজেলার নূরবাগ রেলবস্তি থেকে অপহৃত শিশু শান্ত হোসেনকে (৮) তিন দির পর মঙ্গলবার মাদারীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার ৮০ হাজার টাকা যৌতুক দাবিতে শিশুটিকে অপহরণ করে তার সৎ পিতা যশোরের নওদা গ্রামের মাসুদ শেখ (২৫)।
জানা গেছে, ছয় বছর আগে বাঘারপাড়া উপজেলার খলশিতলা গ্রামের মৃত নওয়াব আলীর মেয়ে শাহানজ বেগমের (২৮) দুই বছর বয়সী শিশুপুত্রসহ দ্বিতীয় বিয়ে হয় যশোরের নওয়দা গ্রামের শামসুর আলমের ছেলে মাসুদ শেখের সঙ্গে। বিয়ের পর তারা যশোরে খয়েরতলা এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করত। বিয়ের কিছু দিন পর থেকে মাসুদ শেখ যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করতো।
শাহানাজ বেগম বলেন, নির্যাতন সহ্য করতে না পেরে ১৫ দিন আগে নওয়াপাড়া রেল বস্তির একটি বাড়িতে ছেলেকে নিয়ে ভাড়া থেকে ইটভাটায় কাজ শুরু করি।স্বামীর ঘর থেকে চলে আসার পর সে (স্বামী) আমার কাছে ৮০ হাজার টাকা যৌতুক দাবি করে । টাকা না দিলে সে আমার ছেলেকে অপহরণ করবে বলে হুমকি দেয়।গত শনিবার আমি কাজে চলে গেলে আমার ছেলেকে সে জামা কিনে দেয়ার কথা বলে নিয়ে যায়। বিকালে বাড়ি ফিরে আমি ছেলেকে খোঁজ করে না পেয়ে অভয়নগর থানায় অভিযোগ করি। পরে মাসুদ আমাকে মোবাইল ফোনে ৮০ হাজার টাকার বিনিময়ে ছেলেকে ফেরত দেয়ার কথা বললে আমি বিষয়টি পুলিশকে জানাই।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন জানান, মোবাইল ট্রাক করে মাদারীপুর সদর থানার রাজউড় গ্রামের কুদ্দুস হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাসুদ শেখ পালিয়ে যায়। এ ঘটনায় অভয়নগর থানায় শিশু অপহরণ আইনে মামলা হয়েছে।
