শুরু হলো তিন দিনের ঢাকা মোটর শো

তরুণ বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান শিল্পমন্ত্রীর

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ২১:৩৫

বাংলাদেশে অটোমোবাইল শিল্পের বিশাল বাজার তৈরি হয়েছে উল্লেখ করে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, দেশেই মোটর গাড়ি তৈরি করে এ বাজার ধরে রাখতে হবে। আমদানিকৃত গাড়ির ওপর নির্ভরশীল হয়ে এ বাজার অন্যের হাতে তুলে দেওয়া যুক্তিসঙ্গত নয়। তিনি তরুণ উদ্যোক্তাদেরকে মোটর গাড়ি উত্পাদন শিল্পে বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান। 

শিল্পমন্ত্রী গতকাল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ১৪তম ঢাকা মোটর শো’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। বেসরকারি উদ্যোক্তা প্রতিষ্ঠান সেমস গ্লোবাল তিন দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করে। মোটর শো’র পাশাপাশি একই ছাদের নিচে ৫ম ঢাকা বাইক, ৪র্থ ঢাকা অটো পার্টস ও ৩য় ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো’র আয়োজন করা হয়। সেমস্ গ্লোবাল এর প্রেসিডেন্ট মেহেরুন এন. ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরইএল মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ হাসনাইন, র্যাংকন মোটর বাইকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাওন হাকিম, এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের পরিচালক এনামুল হক চৌধুরী ও কর্ণফুলী গ্রুপের নির্বাহী পরিচালক আনিস-উদ-দৌলা বক্তব্য রাখেন। 

শিল্পমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী অত্যাধুনিক অটোমোবাইল শিল্প বিকাশের ফলে আমদানিকৃত রিকন্ডিশন গাড়ি খুব শিগগির বাজার হারাবে। এর ফলে বাংলাদেশে রিকন্ডিশন গাড়ি ডাম্পিং করার জায়গা খুঁজে পাওয়া কঠিন হবে। এ বাস্তবতায় তিনি গাড়ি সংযোজন কিংবা আমদানির পরিবর্তে নিজস্ব ব্র্যান্ডের গাড়ি উত্পাদনের তাগিদ দেন। এখাতে দেশীয় শিল্পপতি বানাতে শিল্প মন্ত্রণালয় জায়গা বরাদ্দসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে বলে তিনি জানান।  উল্লেখ্য, তিন দিনব্যাপী এ বহুমাত্রিক প্রদর্শনীতে ১৬টি দেশের আড়াই শতাধিক উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রদর্শনী প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।