যমুনায় গরুবোঝাই নৌকাডুবি, ২১ গরু নিখোঁজ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৪৩
সিরাজগঞ্জের এনায়েতপুরের যমুনা নদীতে ২৭টি গরু নিয়ে নৌকা ডুবি হয়েছে। এ সময় ছয়টি গরু সাঁতরিয়ে তীরে উঠলেও ২১টি গরু ও নৌকা নিখোঁজ রয়েছে। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় চলছে উদ্ধার অভিযান।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এনায়েতপুর ঘাট থেকে টাঙ্গাইলের চারাবাড়ির উদ্দেশে রওনা হলে এ ঘটনা ঘটে।

এনায়েতপুর নৌকাঘাটের ইজারাদার মোক্তার হোসেন জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ২৭টি গরুবোঝাই একটি ইঞ্জিনচালিত নৌকা এনায়েতপুর ঘাট থেকে টাঙ্গাইলের চারাবাড়ির উদ্দেশে রওনা হয়। কিছু দূর যাওয়ার পরই হঠাৎ করে নৌকাটি যমুনা নদীতে তলিয়ে যায়। এ সময় নৌকার মাঝি ও গরু বেপারিসহ ছয়টি গরু সাঁতরিয়ে তীরে উঠলেও ২১টি গরুসহ নৌকা নিখোঁজ হয়। নিখোঁজ ২১টি গরুর দাম প্রায় সাড়ে ৭ লাখ টাকা।

এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন জানান, স্থানীয়দের সহায়তায় আমরা ছয়টি নৌকা নিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছি।