তরুণ সাংবাদিক, লেখক ও সঙ্গীত পরিচালক তানভীর তারেকের প্রথম ভ্রমণ গদ্য প্রকাশ পেলো এবারের বইমেলায়। বইটি প্রকাশ করেছে দেশ পাবলিকেশন্স। এটি লেখকের ৭ম গ্রন্থ। ভ্রমণ গ্রন্থের নাম ‘উড়াল পাখির পান্ডুলিপি’।
বইটি প্রসঙ্গে লেখক তানভীর তারেক বলেন, ‘অভিজ্ঞতা ছাড়া ভ্রমণ লেখা যায়না। তাই নিজের দেখা ও ঘোরা ৭টি দেশের বিচ্ছিন্ন গল্পগুলো নিয়েই এবারে এই ভ্রমণগদ্য প্রকাশের উদ্যোগ নিলাম। এছাড়া ভ্রমণগদ্যের প্রচলিত ধারা বাদ দিয়েই লেখার চেষ্টা করেছি। বিভিন্ন দেশে দেখা কিছু রোমাঞ্চিত, ভীতিকর বা বিব্রতকর গল্প থাকছে আমার উড়াল পাখির পান্ডুলিপিতে। আশাকরি পাঠকেরা একটি ভিন্ন ভ্রমণের স্বাদ পাবেন এই বইয়ে।’
বইটিতে বাংলাদেশসহ অন্যান্য যেসব দেশের ভ্রমণকথা গ্রন্থিত আছে সে দেশগুলো হলো ভারত, নেপাল, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্র। বই মেলার ৪০৭ ও ৪০৮ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে। এই বইয়ে ভ্রমণকথার পাশাপাশি প্রাসঙ্গিক ছবিও সংযুক্ত থাকছে।
উল্লেখ্য, লেখকের প্রকাশিত অন্যান্য বইগুলো হলো— অপ্রচারিত (গণমাধ্যম বিষয়ক প্রবন্ধ), সিদ্ধপল্লীর পতিতা (গল্পগ্রন্থ), বানোয়াট বাস্তব (গল্পগ্রন্থ), লীলামহল (উপন্যাস), আলোমহল ( উপন্যাস) ও পরণর (উপন্যাস)।
