সুদানে জাতিসংঘ মিশন থেকে সৈন্য প্রত্যাহার করছে দ.আফ্রিকা

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৫৪
সুদানে ইউএন-আফ্রিকান ইউনিয়ন মিশন থেকে সৈন্য প্রত্যাহার করে নিচ্ছে দক্ষিণ আফ্রিকা। জাতিসংঘের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা  বলেন, ‘দক্ষিণ আফ্রিকান সরকার এ মিশন থেকে তাদের সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।’ আগামী ১৫ এপ্রিল সেখানে তাদের সাড়ে ৮শ’ সৈন্যের কার্যক্রম শেষ হবে।
 
তিনি বলেন, ‘এ ঘাটতি কিভাবে পূরণ করা যায় সে বিষয়টি নিয়ে আমরা ভাবছি।’ ১৭ হাজার সৈন্য নিয়ে গঠিত ইউএনএএমআইডি’র শক্তিশালী শান্তিরক্ষী মিশন বন্ধ করে দেওয়ার খার্তুমের দাবির প্রশ্নে সুদান ও জাতিসংঘের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।
 
উল্লেখ্য জাবেল মারা এলাকায় ভয়াবহ যুদ্ধে প্রায় ৮৫ হাজার লোক পালিয়ে যাওয়ার পাঁচ সপ্তাহ পর দক্ষিণ আফ্রিকা তাদের সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। এএফপি