পাবনায় দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগ নেতা আহত

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৪৮
পাবনা সদর উপজেলার রাজাপুরে দুর্বৃত্তদের গুলিতে আব্দুল আলীম (৪২) নামের এক আওয়ামী লীগ নেতা আহত হয়েছেন।
 
বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আব্দুল আলীম সদর উপজেলার দোগাছি ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
 
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হাসান বলেন, পাবনা শহর থেকে নিজ গ্রামে ফিরছিলেন আব্দুল আলীম। শহর ছেড়ে রাজাপুর নামক স্থানে পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এ সময় আওয়ামী লীগ নেতা আব্দুল আলীমের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
 
ওসি আব্দুল্লাহ আল হাসান আরো বলেন, এই মুহূর্তে বিস্তারিত বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে এলাকায় আধিপত্য বিস্তার কিংবা পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে।