মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে তিন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ও জেলা নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন আল মামুন উপজেলা চেয়ারম্যান হিসেবে শেলিনা আকতার চৌধুরী, পুরুষ ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান রাশেদ মোল্লা এবং মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে পারভীন আকতার রেবুকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
আগামী ৩১ মার্চ এই উপজেলায় চতুর্থ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দিন ধার্য ছিল। ১৩ মার্চ ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। উপজেলা পরিষদ নির্বাচনে ৪ মার্চ চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেন।
এছাড়া স্বতন্ত্র মনপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন হাওলাদার ও স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. নুরুল ইসলাম ফরাজী। যাচাই-বাছাইয়ের সময় স্বতন্ত্র প্রার্থী দু’জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। যার ফলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী নির্বাচিত হয়। উপজেলা পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র দাখিল করলেও প্রত্যাহারের শেষ দিন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. ছালাউদ্দিন হেলাল এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। যার ফলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান রাশেদ মোল্লা নির্বাচিত হন। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন আকতার রেবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
