স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের মাধ্যমে শিশুরা দায়িত্বশীল হবে .............................. শিক্ষামন্ত্রী

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ২২:১১

শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি বলেছেন, মাধ্যমিক পর্যায়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের মাধ্যমে সকল শিশু গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে বেড়ে ওঠবে, দায়িত্বশীল হবে, নিজেদের কাজ নিজেরা করতে শিখবে। সবাই মিলে কিভাবে সিদ্ধান্ত নিতে হয় সেটি শেখবে।

মন্ত্রী বৃহস্পতিবার সকালে গাজীপুরের কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাইস্কুলের স্টুডেন্ট কেবিনেট নির্বাচন পরিদর্শন করে এসব কথা বলেন।

এসময় মন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ২০১৫ সাল থেকে ধারাবাহিকভাবে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন  হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবারও নির্বাচন হচ্ছে। আমি আশা করি, এটি অব্যাহত থাকবে, যেসব স্কুল এর আওতার বাইরে আছে সেগুলোও এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হবে।

এসময় মন্ত্রীর সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফসিউল্লাহ, কালিয়াকৈর থানার নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুর আমিন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ স্থানীয় প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন।