সেনা সদস্যকে পিটিয়ে আহত করার অভিযোগ

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৪৪
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় আবুল বাশার (৪০) নামের অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যকে পিটিয়ে আহত করার অভিযোগ ওঠেছে। কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেনের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে।
 
শনিবার ভোর ৪টার দিকে যাত্রাবাড়ী মাতুয়াইল ভবিন্দপুর পশ্চিমপাড়া নূর মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
 
তবে পুলিশের দাবি, আসামি ধরতে বাধা দিয়ে উল্টো তাদের মারধর করা হয়েছে।
 
আহত আবুল বাশারের কলেজপড়ুয়া ছেলে রিফাত বলেন, 'ভোরে সাদা পোশাকে একজন পুলিশের সোর্স বাড়ির সীসানা টপকে ভেতরে ঢুকে দরজা ধাক্কাতে থাকে। তখন আমরা ডাকাত মনে করে চিৎকার করতে থাকি। এসময় এসআই ফারুকের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য বাবাকে পিটিয়ে গুরুতর আহত করে থানায় নিয়ে আটকে রাখে। পরে তারা সাদা কাগজে স্বাক্ষর নিয়ে ছেড়ে দেয় এবং ভয়ভীতি দেখায়। তারা বলে (পুলিশ) এ ঘটনা কাউকে জানালে আমাদের মুদি দোকানে মাদক রেখে মামলায় ফাঁসিয়ে দেবে।'
 
এ ব্যাপারে কদমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াজেদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাসাটিতে অপহৃত একটি মেয়েকে উদ্ধার করতে গেলে আবুল বাশারের নেতৃত্ব পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালায় এবং অপহরণকারীকে পালিয়ে যেতে সহায়তা করে।