ভাওয়ালে চিলাই নদীর সংস্কার ও নাব্য ফিরিয়ে আনতে নদী তীরের ৮টি স্পটে মানববন্ধন হয়েছে।
শনিবার সকালে চিলাই বাঁচাও আন্দোলন ও বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন যৌথভাবে এ কর্মসূচি পালন করে। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত চিলাই নদীর উৎসস্থল গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের সেরলিয়াবাড়ি, লোহাগাছিয়ার গাজীতলা ঘাট, গাজীপুর সিটি করপোরেশনের মহঠঘাট, হানকাটা ব্রিজ, তীতারকুল ব্রিজ, কানাইয়া বাজার, ও পূবাইল ব্রিজ এলাকায় মানববন্ধন করা হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
হানকাটা ব্রিজ এলাকায় মানববন্ধনে উপস্থিত ছিলেন চিলাই বাঁচাও আন্দোলনের আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দীন, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন, বাংলাদেশ নদী পরিব্রাজক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মনির হোসেন। সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন গাজীপুর শহর আওয়ামী লীগ সভাপতি ও গাজীপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি ওয়াজ উদ্দিন মিয়া, গাজীপুর জেলা সিপিবির সভাপতি মো. জয়নাল আবেদীন খান, গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. এমারত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান প্রমুখ। চিলাই নদীর উৎসস্থল সেরলিয়াবাড়ি এলাকায় উপস্থিত ছিলেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সহকারী অধ্যাপক মো. আনোয়ার সাদাত, কাজী আজিম উদ্দিন কলেজের প্রভাষক শামীম আশরাফ মুকুল প্রমুখ।
