হবিগঞ্জের বাহুবলে দুই পঞ্চায়েতের বিরোধকে কেন্দ্র করে ৪ শিশু হত্যাকান্ডের মূল হোতা আবদুল আলী বাগালকে ১০ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার বিকেলে বাগালকে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাউছার আলমের আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত সূত্রে জানা যায়, বেলা পৌনে ২টায় আবদুল আলী বাগালকে আদালতে নেয়া হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
এর আগে ১৮ ফেব্রুয়ারি তাকে ও তার ছেলে জুয়েল মিয়াকে ১০ দিনের রিমান্ডে নেয়া হয়। জুয়েল মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ মামলায় এখন র্যাবের হাতে আটক সাহেদ আলী রিমান্ডে রয়েছেন। আর কারাগারে রয়েছেন আবদুল আলীসহ মোট ছয়জন।
