এসএসসি পরীক্ষা হলে অনুপ্রবেশ: শিক্ষকের সাজা

আপডেট : ০১ মার্চ ২০১৬, ২০:০৫
গোপালগঞ্জের কাশিয়ানীতে এসএসসি পরীক্ষার হলে অনুপ্রবেশ করার অপরাধে এক শিক্ষককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
 
মঙ্গলবার কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মনিরুজ্জামান বলেন, উপজেলার পিঙ্গলিয়া সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে মুকসুদপুর উপজেলার বোয়ালীয়া নিজামুদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নোমান (৩০) পরীক্ষার হলে প্রবেশ করায় তাকে তিন দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।
 
এছাড়া এম এ খালেক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে গিয়ে দায়িত্ব ও কর্তব্য অবহেলার দায়ে পরীক্ষা কেন্দ্রের সহকারী হল সুপার রাতইল নায়েবুন নেছা ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক নজরুল ইসলামকে অব্যাহতি দেয়া হয়।
 
সেই সঙ্গে এম খালেক উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে অনুপ্রবেশের অপরাধে রিশাদ (২৩), সুজন (২৪), রনি (২২), শেখ রাজু (২০), আরিফ (২১), সজল ও ছাব্বির (২১)  নামের ছয় যুবককে পাঁচশ টাকা করে জরিমানা করা হয়েছে।