রামপুরায় নিহত ভাই-বোনের দাফন সম্পন্ন

আপডেট : ০১ মার্চ ২০১৬, ২২:২৩
রাজধানীর বনশ্রীতে দুই ভাই-বোনের রহস্যজনক মৃত্যু ঘটনায় তাদের গ্রামের বাড়ি জামালপুরের চলছে স্বজনদের শোকের মাতম। ২ শিশুর লাশ মঙ্গলবার রাত সোয়া ৮টায় জামালপুরে পৌঁছালে স্বজন ও প্রতিবেশিদের মধ্যে কান্নার রোল পড়ে যায়। রাত পৌনে ৯টায় জামালপুর নতুন হাইস্কুল মাঠে জানাজা শেষে রাতেই পৌর গোরস্থানে দাফন করা হয়।
 
শিশুদের বাবা আমান উল্লাহ ও মা মাহফুজা মালেক জেসমিন মঙ্গলবার বিকাল সোয়া ৪টার দিকে জামালপুর পৌর শহরের ইকবালপুর এলাকায় এসে পৌঁছান। শিশুদের বাবা জানায় তাদের গ্রামের বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের রায়ের পাড়া গ্রামে। যমুনা নদীতে বাড়িঘর ভেঙ্গে গেলে তারা জামালপুর শহরে বাসায় এসে থাকতেন।
 
প্রসঙ্গত, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ইস্কাটন শাখার সপ্তম শ্রেণির ছাত্রী ইশরাত জাহান অরণী (১৪) এবং তার ছোটভাই হলি ক্রিসেন্ট স্কুলের নার্সারির ছাত্র আলভী আমানকে (৬) সোমবার সন্ধ্যার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজে ময়নাতদন্তের পর চিকিৎসকরা জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি ‘হত্যাজনিত’ মৃত্যু।
 
ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সোহেল মাহমুদ বলেন, দুটি বাচ্চার গলায় তারা ‘দাগ’ পেয়েছেন। সেখানে আঙুলের ছাপও ছিল। থুতনিসহ বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখা গেছে। দুজনেরই জিহ্বায় কামড় লেগে ছিল। খাবারে বিষক্রিয়ার অভিযোগ আসার পরিপ্রেক্ষিতে ভিসেরা পরীক্ষার জন্য নমুনাও পাঠানো হয়েছে।