কাল শুরু শেষ টেস্ট

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ২২:৪৫

বাংলাদেশের দিক থেকে দেখলে একটা দীর্ঘ ও ক্লান্তিকর সফর ছিল নিউজিল্যান্ডে। একের পর এক পরাজয় এই সফরকে আরও ক্লান্তিকর করে তুলেছে। অবশেষে আগামীকাল শুরু হচ্ছে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের শেষ ম্যাচ। যদিও এই ম্যাচের ওপর সিরিজের ফলাফলের আর কিছু নির্ভর করে না। তারপরও সম্মান বাঁচানোর জন্য লড়তে হবে বাংলাদেশকে।

আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৪টায় ক্রাইস্টচার্চে শুরু হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তৃতীয় টেস্ট। এই টেস্ট দিয়ে মাঠে ফিরতে পারেন মুশফিকুর রহিম।

নিউজিল্যান্ড সফরে এ পর্যন্ত সবগুলো ম্যাচ হেরেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর হ্যামিলটন ও ওয়েলিংটন টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে সফরকারীরা। এর মধ্যে দ্বিতীয় টেস্টের তিন দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পরও ইনিংস ব্যবধানে হারের স্বাদ পেয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

একদিকে বাজে বোলিং ভুগিয়েছে বাংলাদেশকে। দুই টেস্টে প্রতিপক্ষের মাত্র ১২টি উইকেট ফেলতে পেরেছেন বাংলাদেশের বোলাররা। বিপরীতে দুই টেস্টে চার বারই অলআউট হয়েছে তারা নিজেরা। বাংলাদেশের ব্যাটিংয়ে তামিম ইকবাল ছাড়া আর কেউ ধারাবাহিক ছিলেন না। সেই তামিম ইকবাল আবার এই টেস্টে অনেকটাই অনিশ্চিত। আগের টেস্টই ব্যথা নিয়ে খেলেছেন। এই টেস্টে ইনজুরির ঝুঁকি বেশি না বাড়াতে তাকে বিশ্রামে রাখার একটা পরিকল্পনা আছে। তবে একটা ভালো খবর হলো, এই টেস্ট দিয়ে ফিরতে পারেন মুশফিকুর রহিম। মুশফিক পাঁজড়ের ব্যথায় ভুগছিলেন আগে থেকেই। সেই সঙ্গে যোগ হয়েছিল তার কব্জির ইনজুরি। দুইয়ে মিলে প্রথম দুই টেস্ট মিস করেছেন তিনি। তবে দ্বিতীয় টেস্টের আগেই কোচ ও অধিনায়ক বলে রেখেছেন তৃতীয় টেস্টে পাওয়া যাবে মুশফিককে।