পঞ্চগড়ে ৪ ইউনিয়নে নির্বাচন স্থগিত

আপডেট : ০২ মার্চ ২০১৬, ১৪:২২
পঞ্চগড়ের বোদা উপজেলার বিলুপ্ত ছিটমহলের চারটি ইউনিয়নের নির্বাচন স্থগিত করেছে কমিশন। বুধবার জেলা নির্বাচন কর্মকর্তা দেওয়ান মো. সারওয়ার জাহান এ তথ্য জানান।
 
আগামী ৩১ মার্চ এ উপজেলার ১০টি ইউনিয়নে ভোট গ্রহণের তফসিল দেয়া হয়েছিল। এর মধ্যে চারটি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত হলো।
 
স্থগিত হওয়া ইউনিয়নগুলো হলো- ময়দান দীঘি, বড়শশী, মাড়েয়া বামনহাট ও কাজলদীঘি কালিয়াগঞ্জ।
 
সারওয়ার জাহান জানান, ভোটার তালিকা হালনাগাদ না হওয়ায় বোদা উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করেছে কমিশন। মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন পরিচালনা-২ শাখার উপসচিব মো. সামসুল আলমের পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়। বাকি ছয় ইউনিয়নের নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানান এ কর্মকর্তা।