কোম্পানীগঞ্জ ও সন্দ্বীপ থানার সীমানা গণ্য করার সিদ্ধান্ত

আপডেট : ০২ মার্চ ২০১৬, ১৭:৩১
নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও চট্টগ্রামের সন্দ্বীপ থানার সীমানা ১৯৫৪ সালের সংশোধিত সীমানা মোতাবেক উভয় জেলার সীমানা হিসেবে গণ্য হবে। সীমানা নির্ধারণের পর এক জেলার অধিবাসীদের জমি অন্য জেলাভুক্ত হলেও জমির মালিকানা অক্ষুন্ন থাকবে এবং জমির মালিকানায় কোন হেরফের হবে না।
 
বুধবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ ও নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলাধীন আন্তঃজেলা সীমানা বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এ সভায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি সভাপতিত্ব করেন। ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, ভূমি সচিব মেছবাহ উল আলম, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক শেখ আব্দুল আহাদ, ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুয়াল হোসেন, সিরাজুল ইসলাম ও নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস উপস্থিত ছিলেন।
 
মন্ত্রী সারাদেশের আন্তঃজেলা সীমানা বিরোধ নিষ্পত্তির জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদেরও সরকারি সীমানা নির্ধারণ কাজে সহযোগিতা করার আহ্বান জানান।
ভূমি মন্ত্রী শরীফ বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করবে না। সরকার এ বিষয়ে অত্যন্ত সচেতন। দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে আন্তঃজেলা সীমানা নির্ধারণে একটি স্বচ্ছ চিত্র দাঁড় করাতে হবে বলেও তিনি জানান।'
 
১৯৫৪ সালের গেজেট বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার উড়িরচর এলাকার ৬০টি মৌজার সমন্বয়ে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার আঞ্চলিক সীমানা ঘোষণা করা হয়। এ ৬০টির মধ্যে ৩৪ নং চর এলাহী ও ৩৫ নং চর লেংটা, ৩৬ নং চর বালুয়া, ও ২৩/২৪ নং চরযাত্রা মৌজা অন্তর্ভুক্ত হয়নি।
 
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার ১৯৩৬ সালে এবং সর্বশেষ ১৯৫৪ সালের সংশোধিত ম্যাপ অনুযায়ী ৩৬ নং চর বালুয়া, ৩৪ নং চর এলাহী, ৩৫ নং চর লেংটা ও ২৩/২৪ নং চর যাত্রা কোম্পানিগঞ্জ থানার অন্তর্গত। গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে ৪টি মৌজা কোম্পানীগঞ্জ থানার অন্তর্ভুক্ত করা হয়। এভাবেই ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জুরিডিকশন লিস্ট সংশোধন করা হয়।
 
চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে আন্তঃজেলা বিরোধ নিষ্পত্তিসহ হাইকোর্ট বিভাগে দায়েকৃত রিট পিটিশনগুলো নিষ্পত্তির জন্য বিজ্ঞ সলিসিটরকে বিষয়টি নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের যে সিদ্ধান্ত ইতোপূর্বে নেওয়া হয়েছিল, তা বাস্তবায়নের আহবান জানানো হয়।