পাবনার সাঁথিয়ায় একটি মসজিদে গোপন বৈঠক চলাকালীন সময়ে অভিযান চালিয়ে থানা পুলিশ বিপুল পরিমাণ জিহাদী বই, সিডি, চাঁদা আদায়ের রশিদ, সদস্য ফরম, বার্ষিক রির্পোট ও ৪টি হোন্ডা উদ্ধার করেছে। গ্রেফতার করা হয়েছে ২ শিবির ক্যাডারকে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার বেলা ১১টার দিকে সাঁথিয়া পৌর সদরে জামায়াতের ঘাঁটি বলে পরিচিত ফকিরপাড়া পুকুরপাড়ে একটি মসজিদ থেকে এসব উদ্ধার করা হয়। সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, জেলার সুজানগর, ঈশ্বরদী,বেড়া, ফরিদপুর, পাবনা, সাঁথিয়াসহ ৯ উপজেলা থেকে দুইপাশে জঙ্গলে ঘেরা ঐ মসজিদে বসে ১০/১৫জন শিবির ক্যাডার জঙ্গি তৎপরতা ও নাশক মূলক কাজের প্রস্তুতির জন্য গোপন বৈঠক করছিল।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শিবির ক্যাডাররা দ্রুত গা ঢাকা দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ২ শিবিব ক্যাডারকে গ্রেফতার করতে সক্ষম হয়। এরা হচ্ছে, উপজেলার গৌরীগ্রাম ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি ও ডাঙ্গামাজগ্রামের মফিজ উদ্দিনের ছেলে আবুল কালাম আজাদ(২৭), ধুলাউড়ি ইউনিয়নের শিবির নেতা ও নুরদহ গ্রামের আবু সাইদের ছেলে নাজমুল হক(২৩)।
উদ্ধারকৃত ট্রাঙ্ক থেকে ছবি সম্বলিত ১১০টি সদস্য ফরম পাওয়া গেছে। ফরম পূরণকারীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসা ও হাইস্কুলের ছাত্র। পুলিশ জানায় পাবনা জেলা ছাত্র শিবিরের সভাপতি সাইদুল ইসলামের নির্দেশে তারা উল্লেখিত স্থানে সমবেত হয়েছিল। এ খবর লেখা পর্যন্ত সাঁথিয়া থানায় মামলার প্রস্তুতি চলছিল।
