চুয়াডাঙ্গার দামুড়হুদা-দর্শনা মহাসড়কের লোকনাথপুর পাগলার দোয়া নামক স্থানে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক শিমুল (৩২) নিহত হয়েছে। বুধবার বিকাল ৪ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিমুল সদর উপজেলা শহরের বাগানপাড়ার নুর আলমের ছেলে এবং রেফ্রিজারেটর মিস্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকালে শিমুল দর্শনা থেকে মোটরসাইকেল যোগে লোকনাথপুর পাগলাদোয়া নামক স্থানে পৌছায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে শিমুল গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মশিউর রহমান জানান, আহত শিমুলকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দামুড়হুদা থানার ওসি লিয়াকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
