আশুলিয়ায় শ্রমিক কলোনিতে আগুন, ১০টি ঘর ভস্মীভূত

আপডেট : ০৩ মার্চ ২০১৬, ০৯:১৩
সাভারের আশুলিয়ায় শ্রমিক কলোনির একটি বাড়িতে আগুন লেগে অন্তত ১০টি আধাপাকা ঘর পুড়ে গেছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ডেন্ডাবর এলাকার আজাহার মোল্লার শ্রমিক কলোনির শাহআলম মোল্লার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 
স্থানীয়রা ডিইপিজেড ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের মোট ৩টি ইউনিট এসে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
 
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ মিয়া জানান, ওই বাড়ির পানি ওঠানোর মোটর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনে ঘরের ভেতরে থাকা সমস্ত মালামাল পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।