নরসিংদীতে দুই যুবককে হত্যার ঘটনায় তিনজনকে আটকের পর তাদের নিয়ে পুলিশের ‘অস্ত্র উদ্ধার অভিযানের’ মধ্যে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। জেলা গোয়েন্দা পুলিশের ওসি দেলোয়ার হোসেন বলছেন, বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার নাগরিয়াকান্দি এলাকায় গোলাগুলির এ ঘটনায় আটক বাকি দুজনও গুলিবি্দ্ধ হয়েছেন। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি দেলোয়ার বলেন, নরসিংদী পৌর এলাকায় বুধবার সন্ধ্যায় ‘চাঁদাবাজদের’ গুলিতে দুই যুবক নিহতের ঘটনায় রাতে একটি মামলা হয় থানায়। ওই মামলায় তিনজনকে আটক করে ভোরের আগে তাদের নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে যায় পুলিশের একটি দল। সেখানে তাদের তাদের দলের লোকজনের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়।
নরসিংদী সদর মডেল থানার ওসি গোলাম মোস্তফা জানান, স্থানীয় ব্যবসায়ী রফিক খন্দকারের কাছ থেকে চাঁদা দাবির প্রতিবাদ করায় একটি ‘চাঁদাবাজ চক্র’ বুধবার তার বন্ধু আরিফ খন্দকার (৩২) এবং রফিকের শ্যালক খোকন খন্দকারকে (৩৩) গুলি করে হত্যা করে। ওই ঘটনায় নিহত খোকনের ভাই সেলিম খন্দকার বুধবার রাতেই অজ্ঞাতপরিচয় ১৪ জনকে আসামি করে মামলা করেন।
