লক্ষ্মীপুর পৌর শহরের মোল্লাবাড়ি এলাকা থেকে নিখোঁজের তিনদিন পর সুবর্ণা ও স্বর্ণা নামে দুই বোনকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার মজুপুর এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
সুবর্ণা আক্তার লক্ষ্মীপুর আলীয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণি ও স্বর্ণা আক্তার দ্বিতীয় শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।
দুই শিশু কন্যার মা শাহনাজ আক্তারের দাবি, তিনদিন আগে সোমবার সকালে দুই শিশু কন্যাকে অপহরণ করে নিয়ে যায় কাজল ও রাজনসহ তিন ব্যক্তি। এই ঘটনায় সদর থানায় বুধবার একটি সাধারণ ডায়েরি করেন তিনি।
পুলিশ ও শাহনাজ আক্তার জানান, লক্ষ্মীপুর শহরের বিভিন্ন বাসা বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন দুই শিশুর মা শাহনাজ আক্তার। শহরের বাঞ্চানগর এলাকার মনসা হাজী বাড়িতে বাসা ভাড়া করে বসবাস করেন শাহনাজ আক্তার। সোমবার সকালে দুই শিশু কন্যাকে মাদরাসা যাওয়ার জন্য তৈরি করে নিজে ঘর থেকে বের হন তিনি। এর কিছুক্ষণ পর মোল্লাবাড়ির কাজল ও রাজনসহ তিন ব্যাক্তি দুই শিশু কন্যাকে মায়ের কাছে নিয়ে যাওয়ার কথা বলে নিয়ে যায়। এরপর মজুপুর এলাকার একটি বাসায় তাদের আটকে রেখেছে বলে অভিযোগ করেন দুই শিশুর মা।
বুধবার সকালে সদর থানায় বাদী হয়ে দুই শিশুর মা শাহনাজ আক্তার একটি সাধারণ ডায়েরি করেন। পরে পুলিশ দুই শিশুকে উদ্ধার করার জন্য শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। বৃহস্পতিবার ভোররাতে মজুপুর এলাকায় তাদের দুই বোনকে রাস্তায় ছেড়ে দিয়ে পালিয়ে যায় রাজন ও কাজল। পরে তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর থানা পুলিশ হেফাজতে রাখে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ভূইয়া জানান, একটি চক্র দুই বোনকে পাচারের উদ্দেশ্য তিনদিন আগে তুলে নিয়ে আটক করে রাখে। পরে পুলিশের সাড়াশি অভিযানে তাদের রাস্তা ছেড়ে দিয়ে পাচারচক্র পালিয়ে যায়।
