বিজয়নগরে শ্রমিককে পিটিয়ে হত্যা

আপডেট : ০৩ মার্চ ২০১৬, ১৫:৩৬
 
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আরো একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর একটার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুর রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।
 
নিহত এলাস মিয়া উপজেলার কামালমোড়া গ্রামের আবেদ মিয়ার ছেলে। আহত এলাস মিয়ার ভাই সাঈদ মিয়াকে (২৫) গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
 
পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাঈন উদ্দিন জানান, দুপুরে মুকুন্দপুর রেলস্টেশনে ট্রেন থেকে ডাব নামানোকে কেন্দ্র করে ট্রেনের যাত্রী ও স্থানীয় সেজামোড়া গ্রামের এক বাসিন্দার সঙ্গে রেলওয়ে শ্রমিক (কুলি) এলাস মিয়ার কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ঐ যাত্রী ফোন করে তার গ্রাম থেকে কয়েকজনকে ডেকে এনে এলাস ও তার ভাই সাঈদকে বেধড়ক মারধর করেন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিত্সক এলাসকে মৃত ঘোষণা করেন।
 
বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তফা কামাল পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রেলওয়ে এলাকা হওয়ায় সেখানকার পুলিশ এই বিষয়ে ব্যবস্থা নেবেন।