শিবগঞ্জে ট্রাকচাপায় নিহত এসআই সাদেকুলের বাড়িতে শোকের মাতম

আপডেট : ০৩ মার্চ ২০১৬, ১৭:৩৩
চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসার্ট পল্লী বিদ্যুৎ মোড়ে  বৃহস্পতিবার ভোরে ট্রাকচাপায় নিহত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাদেকুল ইসলামের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।
 
সাদেকুল ইসলাম দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার পূর্ব রাজারামপুর ঘাটপাড়া গ্রামের মৃত মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের একমাত্র ছেলে।
 
দুর্ঘটনার সংবাদ জানার পর থেকে তার বাড়িতে চলছে শোকের মাতম। বৃদ্ধ মা সুফিয়া বেগম আর একমাত্র বড় বোন শাহনাজ পারভীনসহ আত্মীয় স্বজনদের আহাজারীতে ভারী হয়ে ওঠেছে গ্রামের আকাশ বাতাস। ছেলে হারানোর শোকে জ্ঞান হারিয়ে ফেলছেন বৃদ্ধ মা সুফিয়া বেগম।
 
ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকছেদ আলী বলেন, থানার পক্ষ থেকে এসআই সাদেকুল ইসলামের লাশ গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।