পঞ্চগড়ে পিপিকে হত্যার হুমকি দিয়ে জেএমবির চিঠি

আপডেট : ০৪ মার্চ ২০১৬, ১১:১৭
পঞ্চগড়ে জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আমিনুর রহমানকে হত্যার হুমকি দিয়ে চিঠি দিয়েছে জেএমবি।
 
বৃহষ্পতিবার বিকালে পঞ্চগড় পোস্ট অফিসের পিয়ন জেলা আইনজীবী সমিতি ভবনে অবস্থিত তার ব্যক্তিগত অফিস কক্ষে এই চিঠি পৌঁছে দেন। এ ঘটনায় তিনি পঞ্চগড় থানায় সাধারণ ডায়েরি করেছেন। এছাড়া তিনি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা আইনজীবী সমিতি বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন।
 
পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আমিনুর রহমান হুমকির চিঠি প্রাপ্তির বিষয়টি স্থানীয় সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আদালতের পিপি আমিনুর রহমানের নামে সরকারি ডাক যোগে আসা চিঠিতে পৃথিবী থেকে তাকে চিরতরে বিদায় জানানোর কথা বলা হয়েছে। তার ক্ষতবিক্ষত লাশের টুকরা শেয়াল ও কুকুরকে দিয়ে খাওয়ানোর কথা উল্লেখ করে এর করুন পরিনতি জনসাধারণ দেখবে বলেও লেখা উল্লেখ করা হয়েছে। প্রেরকের নাম ছাড়া সাদা কাগজে হাতে লেখা এক পৃষ্ঠার ওই চিঠির নিচের অংশে জেএমবি লেখা আছে।
 
দেবীগঞ্জে মঠের অধ্যক্ষ জজ্ঞেশ্বর রায় হত্যাকাণ্ডে গ্রেফতারকৃত জেএমবি সদস্যদের মামলা পরিচালনা করায় তাকে হত্যার হুমকি দিয়ে চিঠি দিতে পারে বলে ধারনা করছেন তিনি।
 
পঞ্চগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম মমিন জানান, এটি একটি উড়ো চিঠি হলেও বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি।