হবিগঞ্জ থেকে আবারো এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার নিখোঁজের ১৮ দিন অতিবাহিত হলেও তার কোন সন্ধান মেলেনি। তবে এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।
এদিকে বাহুবলের চার শিশু হত্যার কয়েক দিনের মাথায় এক শিশু নিখোঁজের ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। আর নিখোঁজ ওই শিশুর পরিবারে চলছে শোক।
জানা গেছে, শহরতলীর গোবিন্দপুর গ্রামের দিনমজুর আলকাছ মিয়ার ছেলে সাইফুর রহমান আনন্দ (১০) সদর উপজেলার সুলতানশী হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। ১৫ ফেব্রুয়ারি ক্লাস শেষে সে তার বন্ধু মাহফুজকে নিয়ে স্থানীয় একটি গানের অনুষ্ঠানে যায়। রাতে তাকে মাদ্রাসায় না পেয়ে এক শিক্ষক বিষয়টি তার বাবাকে অবহিত করেন। ১৬ ফেব্রুয়ারি তার বাবা খবর নিয়ে জানতে পারেন সে পার্শ্ববর্তী চরহামুয়া নোয়াবাদ গ্রামে আলকাছ মিয়ার মামা মজনু মিয়ার বাড়িতে গেছে। সকালে মজনু মিয়ার স্ত্রী তাকে ধমক দিলে সে চলে যায়। এর পর থেকে তার আর সন্ধান মিলছে না।
এদিকে তার সন্ধান দেয়ার কথা বলে নিখোঁজ আনন্দর চাচা মোতালেব মিয়ার মোবাইল ফোনে ৫ লাখ টাকা দাবি করে শায়েস্তাগঞ্জের নিশাপট গ্রামের জমির আলীর ছেলে আলাউদ্দিন। তাকে প্রথম দফায় ৫শ এবং দ্বিতীয় দফায় ৫ হাজার টাকা দেয় নিখোঁজ শিশুর পরিবার। সে ওই টাকা উঠাতে বিকাশের দোকানে গেলে মঙ্গলবার রাতে পুলিশ তাকে আটক করে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন জানান, একটি মামলা দায়ের হয়েছে। তদন্ত চলছে।
