সিনেটে চ্যালেঞ্জের মুখে পড়ছে ট্রাম্পের জরুরি অবস্থা

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ০০:৩৪

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মানের অর্থ পেতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন তা বাতিল করতে যাচ্ছে সিনেট। মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার এ বিষয়ে ভোটাভুটি হওয়ার কথা। ভোটের মাধ্যমে যদি প্রেসিডেন্টের জরুরি অবস্থা বাতিল হয়ে যায় তবে তাতে ট্রাম্প যেমন চরম লজ্জাকর পরিস্থিতির মুখোমুখি হবেন তেমনি এ ধরনের নজির যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম সৃষ্টি হবে। কারণ এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্টের  জারি করা জরুরি অবস্থা বাতিলের উদ্যোগ নেয়নি মার্কিন পার্লামেন্ট।

যুক্তরাষ্ট্রের সিনেটে রিপাবলিকানরা ৫৩-৪৭ আসনে সংখ্যাগরিষ্ঠ। কিন্তু মার্কিন রাজনীতিতে দলীয় প্রধানের কোনো সিদ্ধান্ত যদি দলের জনপ্রতিনিধিদের কাছে খারাপ মনে হয় তবে সকলেই অন্ধভাবে পক্ষে ভোট দেয় না। ইতিমধ্যে বেশ কয়েকজন রিপাবলিকান সদস্য ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। ধারণা করা হচ্ছে তারা বিরোধী দলের মতোই প্রেসিডেন্টের বিপক্ষে ভোট দেবেন। সীমান্তে দেয়াল নির্মানের মতো একটি ইস্যুতে জরুরি অবস্থা জারি সমর্থন করতে পারছেন না আরো অনেকে। প্রকাশ্যে সমালোচনা না করলেও ট্রাম্পের বিপক্ষে আরো ভোট পড়বে বলে ধারণা করা হচ্ছে।-বিবিসি