ইউপি নির্বাচনে ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ১১ ইউনিয়নের চেয়ারম্যান পদে ৬২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সাধারণ ওয়ার্ডে ৫০৭ জন ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১০৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সীমানা সংক্রান্ত জটিলতা নিয়ে মামলা থাকায় শাক্তা ইউনিয়নে নির্বাচন হচ্ছে না। মনোনয়নপত্র দাখিল করা ৬২ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিত প্রার্থী রয়েছেন ১১ জন করে মোট ২২ জন। জাতীয় পার্টি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ৬ জন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আছেন ৫ জন। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর কয়েকজন প্রার্থীসহ বাকিরা স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, দ্বিতীয় ধাপে ৩১ মার্চ অনুষ্ঠিত হবে কেরানীগঞ্জের ১১ ইউনিয়নের ভোট। বুধবার ছিলো প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগামী ৫ ও ৬ মার্চ মনোনয়নপত্র বাছাই হবে। এ নির্বাচনে ৬২ জন চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১০৯ জন ও সাধারণ ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে ৫০৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
